হাদির বোনকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব
জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারের সরকারি পৃষ্ঠপোষকতার দাবিও উঠেছে।
শাহবাগে সমাবেশে হাজার হাজার ছাত্র-জনতা, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার মিছিল সহকারে যোগ দিয়েছেন। সমাবেশে উপস্থিত সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, “হাদির মৃত্যু কোনোভাবেই শেষ নয়। তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “আজ অনেক সুশীল লোক নানা কথা বলছেন। কিন্তু কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল, তখন তারা নীরব ছিলেন। তাই আজকের বাংলাদেশে সুশীলগীরী চলবে না।”
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান—“ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”—বিক্ষুদ্ধ জনতার দৃঢ় প্রতিবাদ প্রকাশ করছে।
যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন, “হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।” উল্লেখ্য, গতকাল রাতে হাদির মৃত্যুর সংবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশ উত্তাল হয়ে ওঠে।


