চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

জাতীয়
চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

জুলাই বিপ্লবের অন্যতম মুখ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাতের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব কালচারাল সেন্টার।

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হামলার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মোটরসাইকেলচালক আলমগীর শেখ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ফয়সাল ও আলমগীর ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছেন। তারা বাংলাদেশের কোনো সিম ব্যবহার করছেন না। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা এড়াতে তারা ভারতের সিম ব্যবহার করলেও বেশিরভাগ সময় মোবাইল ফোন বন্ধ রাখছেন।

ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাকে জুলাই বিপ্লবের একজন সাহসী সংগঠক ও মুখ হিসেবে উল্লেখ করে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।