নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ জন অস্ত্রধারী পুলিশ

জাতীয়
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ জন অস্ত্রধারী পুলিশ
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিরাপত্তা ও কার্যক্রম নির্বিঘ্ন করতে পুলিশি সহায়তা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধ তদন্ত ও তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনায় এই কমিটি কাজ করবে।

ইসির আইন শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করে ইতোমধ্যে সব বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কমিটির সঙ্গে দুইজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োজিত রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া কোনো অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৯১কক (২) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডাররা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।