ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকের জন্য হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর কয়েক দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক অঙ্গনে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে একই দিনে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দুপুর ২টা থেকে এই কেন্দ্র বন্ধ থাকবে।


