ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক

জাতীয়
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের একটি প্রতিনিধি দল।

ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু করে। একই সময় আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে একই দাবিতে ডাকসু নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। পরে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন। পরে পরিস্থিতি শান্ত হলে প্রতিনিধি দলটি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে।

ডাকসু নেতারা বৈঠকে তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো—শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক সহিংসতায় জড়িত ‘লীগের সন্ত্রাসীদের’ গ্রেফতার।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।