পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা পদত্যাগপত্র জমা দেন।
বুধবার বিকেলে যমুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, দুই উপদেষ্টার জমা দেওয়া পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই তাদের পদত্যাগ কার্যকর হবে।
প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া এই দুই তরুণ উপদেষ্টার অবদান স্মরণ করে প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে সহায়তা করেছ, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তোমাদের সক্রিয় ভূমিকা থাকবে বলে আমি বিশ্বাস করি।”
ড. ইউনূস আরও বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক অধ্যায়। অন্তর্বর্তী সরকার তোমাদের অবদান স্মরণে রাখবে। অল্প সময়ে তোমরা যে দায়িত্ব পালন করেছ, জাতি তা ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র—আগামীতেও আরও বৃহত্তর পরিসরে তোমরা অবদান রাখবে বলে আমি আশা করি।”
দুই উপদেষ্টার উদ্দেশে তিনি আহ্বান জানান, সরকারের অভিজ্ঞতা ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে।


