তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, যদি কোনো বাধা থাকে, সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার নিরাপত্তার বিষয়েও পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “আমি বিশ্বাস করি, কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি নিজের সময়মতো দেশে আসবেন।”
আইন উপদেষ্টা আরও বলেন, বিষয়টি ব্যক্তিগত এবং পরিবারিক। তিনি মন্তব্য করেন, “এটি মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, বা তারেক রহমানের ব্যক্তিগত কোনো চিন্তা আছে কিনা, সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা রুচিকর নয়। আমাদের বুঝতে হবে, উনারাই সর্বোত্তমভাবে জানেন কখন দেশে ফেরা উচিত।”


