জিপিএস বিভ্রাটে বিপর্যস্ত ইরান, চীনের বেইডু গ্রহণে আগ্রহ তেহরানের

জিপিএস বিভ্রাটে বিপর্যস্ত ইরান, চীনের বেইডু গ্রহণে আগ্রহ তেহরানের
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইরানের বিভিন্ন শহরে ব্যাপকভাবে জিপিএস সংকেতের ব্যাঘাত ঘটে। এতে বিভ্রান্ত হয় লাখ লাখ মানুষ এবং বিপাকে পড়ে গুরুত্বপূর্ণ সেবা খাত, যেমন—ট্যাক্সি, কুরিয়ার এবং জরুরি ব্যবস্থাপনা।

সোমবার ইরানের যোগাযোগমন্ত্রী এহসান চিতসাজ এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে জানান, “সামরিক ও নিরাপত্তাজনিত কারণে জিপিএস জ্যামিং ইচ্ছাকৃতভাবে দেশের ভেতর থেকেই চালানো হয়েছে।”

তিনি বলেন, ইসরায়েলের নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়। টার্গেট মিস করার জন্য ড্রোন ও গাইডেড অস্ত্রের জিপিএস সিগন্যাল বিভ্রান্ত করাই ছিল প্রধান লক্ষ্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তেহরানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক জিপিএস বিভ্রাট লক্ষ্য করা গেছে। ব্যবহারকারীরা জনপ্রিয় অ্যাপ Waze, Balad ও Neshan-এ নিজের অবস্থান ভুলভাবে ইউরোপ, কানাডা বা আফ্রিকার স্থানে দেখাতে থাকার অভিযোগ জানান। এই সংকেত বিকৃতি নিরাপত্তা অঞ্চল, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতার বাসভবনের আশপাশে সবচেয়ে তীব্র ছিল।

ইরান বিকল্প স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, “চীনের Beidou সিস্টেম গ্রহণ এখন ইরানের জাতীয় প্রযুক্তিগত অগ্রাধিকারের মধ্যে অন্যতম। এই বিষয়টি চীন-ইরান কৌশলগত আলোচনার অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।”

যুদ্ধ চলাকালে ইরানে ইন্টারনেট ও মোবাইল ব্ল্যাকআউট জারি ছিল। এতে করে হাজার হাজার নাগরিক দিনের পর দিন ডিজিটাল সেবা থেকে বিচ্ছিন্ন ছিলেন। ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের প্রযুক্তি পরিচালক হোসেইন মেইসামি জানান, “জিপিএস বিভ্রাটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রাইড-শেয়ারিং ড্রাইভার, কুরিয়ার ও লজিস্টিক প্রতিষ্ঠানগুলো।”

তিনি আরও সতর্ক করে বলেন, “সরকারি কর্মকর্তা ও সামরিক সদস্যদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নিরাপত্তার স্বার্থে।”