সিরীয় ট্যাংক সীমান্তের দিকে অগ্রসর, ইসরায়েলের পাল্টা হামলা

সিরীয় ট্যাংক সীমান্তের দিকে অগ্রসর, ইসরায়েলের পাল্টা হামলা
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

ইসরায়েল সীমান্তের কাছাকাছি সিরিয়ার আস সুওয়াইদা অঞ্চলের দিকে অগ্রসর হওয়া কয়েকটি সিরীয় ট্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের দাবি, তারা “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখতে এবং সম্ভাব্য হুমকি প্রতিরোধে” এ পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সীমান্তসংলগ্ন সিরীয় শহর আস সুওয়াইদায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে থাকায় সিরীয় বাহিনী ওই অঞ্চলে ট্যাংক মোতায়েন করে। শহরটি দ্রুজ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এলাকা, এবং এটি গোলান মালভূমি ও ইসরায়েল সীমান্তের খুব কাছেই অবস্থিত।

সোমবার সকালে সিরীয় বাহিনীর ট্যাংকগুলো ওই শহরের দিকে অগ্রসর হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর ইসরায়েল সতর্ক প্রতিক্রিয়া হিসেবে সীমান্ত থেকে ট্যাংক লক্ষ্য করে আক্রমণ চালায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।”

সিরিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, ট্যাংক মোতায়েনের উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলা এবং নিরাপত্তা জোরদার করা।

আস সুওয়াইদা অঞ্চলটি গোলান মালভূমির অদূরবর্তী এলাকায় অবস্থিত, যা ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় ইসরায়েল। ফলে এই অঞ্চলে যেকোনো সামরিক তৎপরতা ইসরায়েলের জন্য স্পর্শকাতর ইস্যু।