যুদ্ধক্ষয় স্বীকারে বাধ্য ভারত, রাফাল পাইলটসহ নিহত সেনাদের গোপনে সম্মাননা
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বহু সেনা হতাহতের বিষয়টি এতদিন অস্বীকার করলেও, অবশেষে পরোক্ষভাবে সত্যতা স্বীকার করেছে ভারত। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর চারজন পাইলট, যাদের মধ্যে তিনজন রাফাল যুদ্ধবিমানের চালক ছিলেন। এছাড়া এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত পাঁচজন অপারেটর এবং বিভিন্ন বিমানঘাঁটিতে কর্মরত আরও কয়েকজন সেনা সদস্য রয়েছেন এই তালিকায়।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিবারকে সামাজিক মাধ্যমে কোনো ধরনের প্রকাশ্য শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত সরকার অভ্যন্তরীণ ক্ষোভ ও আন্তর্জাতিক চাপ এড়াতে এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করছে।
পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম সামা টিভি দাবি করেছে, কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে ‘অপারেশন সিন্দুর’ চলাকালে অন্তত ২৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। যদিও এ ধরনের কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারত।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, সংঘর্ষে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা ভারতীয় সামরিক নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। জনগণের আস্থা ধরে রাখতে এবং আন্তর্জাতিক পরিসরে অবস্থান পরিষ্কার করতে হলে ঘটনাগুলোর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।


