গাজায় যুদ্ধবিরতির আশায় দোহায় ফের মুখোমুখি হচ্ছে ইসরায়েল ও হামাস

গাজায় যুদ্ধবিরতির আশায় দোহায় ফের মুখোমুখি হচ্ছে ইসরায়েল ও হামাস
নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৫

গাজায় দীর্ঘ ২২ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধের লক্ষ্যে দোহায় আজ (রোববার) ফের শুরু হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা। মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের সহায়তায় নতুন এক দফা আলোচনা শুরু হতে যাচ্ছে, যা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির সম্ভাব্য সমাধানের দিকে ইঙ্গিত করছে।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, “দোহায় আজ থেকেই নতুন আলোচনা শুরু হচ্ছে। হামাস আলোচনায় গুরুত্বসহকারে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে।”

ইসরায়েলি প্রতিনিধিদল আজ দোহায় পৌঁছেছে। আলোচনা সফল হলে গাজায় অন্তত ৬০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে সূত্র জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত জিম্মি এবং কিছু মৃতদেহ হস্তান্তর করবে। এর বদলে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। হামাস ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, যুদ্ধবিরতি চলাকালে নতুন হামলা না চালানোর নিশ্চয়তা এবং জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা বিতরণের দাবি তুলেছে। ইসরায়েল এ দাবিগুলোর কিছু ‘অগ্রহণযোগ্য’ বলেই মনে করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন গাজা যুদ্ধ বন্ধে নতুন করে চাপ প্রয়োগ করছে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার (৫ জুলাই) তেলআবিবে গাজায় আটক জিম্মিদের পরিবারের উদ্যোগে একটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার পর থেকে এই আন্দোলন প্রতি সপ্তাহেই হচ্ছে।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স রোববার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তবে মিডিয়া নিষেধাজ্ঞা ও যাতায়াতে প্রতিবন্ধকতার কারণে প্রকৃত সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।

গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। তবে চূড়ান্ত সমাধান কতটা সম্ভবপর, তা নির্ভর করছে দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও মধ্যস্থতাকারীদের কৌশলের উপর।