গাজায় নতুন করে ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৭১; মৃতের সংখ্যা ছাড়াল ৫৬ হাজার

গাজায় নতুন করে ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৭১; মৃতের সংখ্যা ছাড়াল ৫৬ হাজার
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫

ইসরায়েলি বাহিনীর টানা আক্রমণে আবারও রক্তাক্ত হয়ে উঠেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এ নিয়ে চলমান সংঘাতে মোট প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ২৫৯ জনে পৌঁছেছে, যা বিশ্ব সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাতে এই হতাহতের তথ্য জানা গেছে। হামলা চালানো হয়েছে গাজা শহরের আবাসিক এলাকা, ত্রাণকেন্দ্রের আশপাশ ও হাসপাতালের নিকটবর্তী স্থানে।

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, গত চার সপ্তাহে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৫৪৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৪ হাজার ৬৬ জন। এসব হামলা মূলত পরিচালিত হয়েছে তথাকথিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (Gaza Humanitarian Foundation – GHF) এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে হাসপাতাল, স্কুল, বাসস্থান ও ত্রাণকেন্দ্র।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও ব্যাপকভাবে গাজায় আক্রমণ শুরু করে, যার ফলে পূর্ববর্তী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এই সময়ের মধ্যেই নিহত হয়েছেন ৫ হাজার ৯৩৬ জন এবং আহত হয়েছেন ২০ হাজার ৪১৭ জন।

গাজা পরিস্থিতির অবনতির মধ্যেও আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ বা চাপ এখনো দৃশ্যমান নয়। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অব্যাহতভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গেলেও তা এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।