ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব পুতিন, সহায়তার আশ্বাস মস্কোর

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব পুতিন, সহায়তার আশ্বাস মস্কোর
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

মার্কিন হামলার মুখে থাকা ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন,

“ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন সম্পূর্ণ ভিত্তিহীন। রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত।”

রাশিয়ার রাজধানী মস্কোতে, সোমবার (২৩ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের শুরুতে এমন মন্তব্য করেন পুতিন।
এ সময় ইরানের মন্ত্রী মার্কিন হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, “রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে।”

আরাঘচি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি এবং সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভকামনা জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে সংঘাতে যুক্ত পক্ষের সংখ্যা বেড়েছে এবং উত্তেজনা পৌঁছেছে এক নতুন উচ্চতায়।”

তবে হামলার পরপরই তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি আছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান পেসকভ।

পেসকভ আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা সম্পর্কে রুশ প্রেসিডেন্টকে আগাম কিছু জানাননি, যদিও দু’নেতার মধ্যে মার্কিন সামরিক সম্পৃক্ততা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান সহায়তা চাইলেও রাশিয়ার পক্ষে বড় ধরনের সামরিক সহায়তা এখনই দেওয়া কঠিন। কারণ, ইউক্রেন যুদ্ধেই রাশিয়ার রিসোর্স ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিও রাশিয়ার জন্য বিবেচ্য হতে পারে।

উল্লেখ্য, রাশিয়া অতীতে ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণু চুক্তিতেও মস্কো ছিল অন্যতম প্রধান অংশীদার।