ইরান-ইসরায়েল উত্তেজনা: ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু, সীমান্তপথেই চলছে উদ্ধার অভিযান

ইরান-ইসরায়েল উত্তেজনা: ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু, সীমান্তপথেই চলছে উদ্ধার অভিযান
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার জেরে বাড়ছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ। এ পরিস্থিতিতে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তেহরানস্থ ভারতীয় দূতাবাসের উদ্যোগে শুরু হয়েছে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, ইতোমধ্যেই ১১০ জন ভারতীয় শিক্ষার্থী ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়া থেকে সরিয়ে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন। অন্যদিকে, তেহরান থেকে আরও প্রায় ৬০০ শিক্ষার্থীকে স্থানান্তর করে নেওয়া হয়েছে কুম শহরে, যেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে ইরানের আকাশপথ বন্ধ থাকায় বিমানযোগে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্য বিকল্প হিসেবে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আর্মেনিয়ার সীমান্ত ব্যবহার করে ভারতীয়দের ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বিমানযোগে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তেহরানের ভারতীয় দূতাবাস থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যেন প্রত্যেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানিয়ে রাখেন। একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে এ লক্ষ্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬ হাজারই শিক্ষার্থী। সরকার জানিয়েছে, এই বিপুলসংখ্যক নাগরিকের সুরক্ষায় প্রয়োজনে আরও উদ্ধার অভিযানের ব্যবস্থা নেওয়া হবে।