ইরানে রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ৩
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। একদিন পর মঙ্গলবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।
আল জাজিরা‘র বরাতে জানা যায়, সোমবার সরাসরি সম্প্রচারের সময় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে আইআরআইবি ভবনে। বিস্ফোরণের পরপরই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সম্প্রচারকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লাইভ সম্প্রচারে দেখা যায়, আক্রমণের সময় স্টুডিও থেকে সরে যান উপস্থাপিকা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই হামলাটিকে ‘ন্যাক্কারজনক’ এবং ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “গণমাধ্যমকর্মীদের হত্যায় ইসরায়েল এখন বিশ্বের শীর্ষে।”
হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন নিরাপদ ও স্বাধীন মিডিয়া পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে, যার প্রেক্ষিতে এই হামলাকে ইরানের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে।


