কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

দেশজুড়ে
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
নিউজ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন হাবীবুর রহমান। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ থেকে ১ হাজার টাকার নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়, যা পাতলা কম্বল দিয়ে ঢাকা ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে যান। পরে তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইউএনও আব্দুর রহমান বলেন, “তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি করা হবে।”

আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।