মুন্সীগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

দেশজুড়ে
মুন্সীগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাশুর বাজার এলাকায় ‘তমিজ মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, বালাশুর এলাকার হান্নান গং, মানিক হোসেন ওরফে মানিক ডাকাত ও তাপসসহ কয়েকজন ব্যক্তি মার্কেটের জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। তবে আদালত তমিজউদ্দীনদের পক্ষে রায় দেন। এরপরও সম্প্রতি রাতের আঁধারে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখলের চেষ্টা চালায়, যা স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার সকালে ফের দখলচেষ্টার সময় আলমগীর হোসেন বাধা দিলে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তমিজউদ্দীনসহ অন্য স্বজনদের ওপরও হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—তমিজউদ্দীন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৫), তারেক হোসেন (৩৫), তানসেল ইসলাম (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলমগীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শংকর তান জানান, আলমগীরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করা হয়েছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী ঢাকা-দোহার সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।