মুন্সীগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল নিয়ে সংঘর্ষ, একজন নিহত; আহত ৮
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন বালাশুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাশুর বাজারে ‘তমিজ মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করছিলেন।
আহতরা হলেন— তমিজউদ্দীন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৫), তারেক হোসেন (৩৫), তানসেল ইসলাম (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ মোট আটজন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, স্থানীয় বাসিন্দা হান্নান গং, মানিক হোসেন ওরফে মানিক ডাকাত এবং তাপসসহ কয়েকজন ব্যক্তি নির্মাণাধীন মার্কেটের জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। তবে আদালত তমিজউদ্দীনদের পক্ষে রায় দেন। এরপরও সম্প্রতি রাতের আঁধারে ওই জমি দখলের চেষ্টা চালানো হয়, যা স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়।
মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আবারও সন্ত্রাসী বাহিনী নিয়ে মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তমিজউদ্দীনসহ অন্য স্বজনদেরও পিটিয়ে আহত করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শংকর তান জানান, ভোর সাড়ে ৬টার দিকে একাধিক আহতকে হাসপাতালে আনা হয়। আলমগীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী ঢাকা-দোহার সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


