বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান

দেশজুড়ে
বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এদিন বেলা ১১টায় নওগাঁ শহরের এ টিম মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জনসভার মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আ স ম সায়েম।তিনি বলেন, “৫ ফেব্রুয়ারি আমিরে জামায়াত শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন। জনসভাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। শুধু নওগাঁ নয়, সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আ স ম সায়েম জানান “আমরা আশা করছি, ৫ ফেব্রুয়ারি নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরে পরিণত হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে। এ সমাবেশে আমিরে জামায়াত আগামীর বাংলাদেশ কেমন হবে এবং আমরা কেমন মাতৃভূমি চাই—তার একটি রূপরেখা তুলে ধরবেন।”

তিনি জানান, নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকেই নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জনসভায় ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন।

“দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।