গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

দেশজুড়ে
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে নবগঠিত গণঅধিকার পরিষদের জেলা কমিটিতে ব্যাপক পদত্যাগের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৫৯ জন নেতা সোমবার (২৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার রাতে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সভাপতি আল আমিন সরদার।

তিনি জানান, সদ্য ঘোষিত ৭৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখা দিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“কমিটি গঠনের সময় যোগ্যতা, ত্যাগ ও দলের নীতিকে উপেক্ষা করা হয়েছে। বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা ও পক্ষপাত দেখিয়েছে,” — বলেন আল আমিন সরদার।

বিজ্ঞপ্তিতে পদত্যাগকারীরা উল্লেখ করেন, নতুন কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তাদের অভিযোগ, কমিটি গঠনের প্রক্রিয়ায় গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ও পক্ষপাতিত্ব করা হয়েছে।

“যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে দায়িত্ব পালন সম্ভব নয়। তবে আমরা গণঅধিকার পরিষদের আদর্শে অটল রয়েছি,” — বলা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার মাত্র তিন দিনের মধ্যেই এ ধরনের বৃহৎ পদত্যাগ দলটির জন্য বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।