ধর্ষণের প্রতিবাদে অবরোধ শিথিল, খাগড়াছড়ির দুই সড়কে আংশিক চলাচল শুরু
খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ও পরবর্তী সহিংসতার ঘটনায় জুম্ম ছাত্র-জনতার ডাকে চলমান অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছে। আহতদের চিকিৎসা ও নিহতদের দাফনের সুবিধার্থে ঢাকাগামী দুটি প্রধান সড়কে অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। তবে জেলার অন্যান্য সড়কে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি আগের মতোই বলবৎ থাকবে।
এতে আরও জানানো হয়, গুইমারার ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে একটি বিশেষ চিকিৎসক দল আসছে। তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নিহতদের দাফনের জন্য মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই কিশোরীকে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) বিক্ষোভ-সহিংসতায় গুইমারায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘাতে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন একাধিক সেনা কর্মকর্তা, ১৩ জন সেনাসদস্য এবং তিনজন পুলিশ সদস্য।
ধর্ষণের অভিযোগে শয়ন শীল (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা আন্দোলনে নেমেছে।


