বুড়িচংয়ে চুরির অভিযোগে যুবককে কুকুর দিয়ে নির্যাতন, র‍্যাবের অভিযানে ৩ জন গ্রেপ্তার

দেশজুড়ে
বুড়িচংয়ে চুরির অভিযোগে যুবককে কুকুর দিয়ে নির্যাতন, র‍্যাবের অভিযানে ৩ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি স্টিল মিল এলাকায় চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে আটক করে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে র‍্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মো. শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা

মো. আল আমিন লিপু (৩৬), মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা

সজিব হাওলাদার (২৬), কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার বাসিন্দা

র‍্যাব জানায়, শুক্রবার দুপুরে বুড়িচংয়ের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে জয় চন্দ্র সরকারকে আটক করে কয়েকজন ব্যক্তি। এরপর তার ওপর দুইটি বিদেশি কুকুর দিয়ে নির্মম নির্যাতন চালানো হয়।

নির্যাতনের ভিডিওটি বিকেল থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অভিযুক্তরা জয় চন্দ্রকে একটি ঘরের মধ্যে আটকে রেখে তার ওপর কুকুর লেলিয়ে দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর র‍্যাব অভিযানে নামে এবং রাতেই তিনজনকে গ্রেপ্তার করে।

জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বিষ্ণু সরকার জানান, “জয়কে চুরির অপবাদ দিয়ে যে বর্বর নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ঘটনার পর রাতে জয় চন্দ্র নিজেই বাদী হয়ে বুড়িচং থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, “র‍্যাবের কাছ থেকে গ্রেপ্তারকৃতদের বুঝে নেওয়ার পর শনিবার আদালতে পাঠানো হবে।”

র‍্যাব জানায়, “আইনের বাইরে গিয়ে বিচার বা শাস্তি দেওয়ার কোনো অধিকার কারও নেই। চুরি করলেও কাউকে এভাবে নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ।”