শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে কোন অভিযোগ বা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে তখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন এই সাংবাদিক নেতা। একই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্বে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার আটকের ঘটনায় কী অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।


