রাজবাড়ীতে ভাই-বোনের বাড়ীর সামনে দু’টি বক্স কালভার্ট নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
রাজবাড়ীর কালুখালীতে সংযোগ সড়ক ছাড়াই ভাই-বোনের জন্য দুইটি পরিবারের চলাচলের সুবিধার্থে ১০০ ফিটের মধ্যে নির্মাণ করা হচ্ছে দুইটি বক্সকালভার্ট। এ নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় কালুখালী উপজেলার পূর্ব ফুল কাউন্নাইর (নির্মাণাধীন) বক্সকালভার্ট এলাকায় এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ফুল কাউন্নাইর এলাকায় একটি খালের উপর বক্সকালভার্ট দুইটি নির্মাণ করা হচ্ছে। এক পরিবারের স্বার্থে একটি বক্সকালভার্টের স্থান পরিবর্তন করে নির্মাণের প্রতিবাদে আমাদের এ মানববন্ধন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমাদের এখানে (মোসলেম) বাড়ির সামনে একটি বক্সকালভার্ট নির্মাণ করার জন্য মাপ-ঝোপ করে গেছে। একটি বিদ্যুতের খুঁটিও সরানো হয়েছে। কিন্তু এখানে না করে চাঁদ আলীর বাড়ির সামনে করা হচ্ছে। একই স্থানে আরও একটি বক্সকালভার্ট নির্মাণ করা হচ্ছে। ভাই ও বোনের বাড়ীর সামনে দু’টি বক্সকালভার্ট নির্মাণ করা হচ্ছে। একটি পরিবারের জন্য ১০০ ফিট জায়গার মধ্যে দুইটি বক্সকালভাট নির্মাণ করা হচ্ছে। অথচ এখানে বক্সকালভার্ট হলে প্রায় ৫০টি পরিবার খাল পারাপারে সুবিধা পাবে। এছাড়াও কৃষকরা তাদের কৃষি পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থী তাদের নির্বিঘ্নে তাদের শিক্ষ প্রতিষ্ঠানে যেতে পারবে।
এ সময় চাঁদ আলী বলেন, আমি ও আমার বোন শাহিদার বাড়ির সামনে বক্সকালভার্ট নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে কোন রাস্তা নেই। এখানে আমাদের দুইটি পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে। রাস্তা লাগলে সরকার করে দিবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালুখালী কার্যালয়ে গেলে প্রকৌশলী অরুন কুমার দাসকে পাওয়া যায়নি।
প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, খুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২ পর্যায়) আওতায় তিনটি বক্সকালভাট (ব্রীজ), একটি অফিসসহ মোট পাঁচটি কাজের জন্য ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ হয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


