নওগাঁর পত্নীতলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্বামী প্রদীপ চৌধুরী (৩৭) রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন। আঘাতে প্রতিমা রাণী অচেতন হয়ে পড়েন। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি শ্মশানঘাট থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পত্নীতলা থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


