তিনদিন পর নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
তিনদিন পর নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর মাসুম হোসেনের (১৭) মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাসুমসহ ১৪ বন্ধু পিকনিকের উদ্দেশ্যে মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চর কাঁকড়ায় যায়। সেখানে তাদের ১১ জন রান্নার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এ সময় মাসুমসহ তিনজন নদীর তীরে রেখে আসা নৌকাটি দেখতে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মাসুম দুই বন্ধুকে নিয়ে নৌকায় উঠতে গেলে হঠাৎ উঁচু ঢেউ আসে। এতে তিনজনই নদীতে ভেসে যায়। তবে কিছু সময় পর দুই বন্ধু সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা নদীর তীর ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার বিকেলে লুধুয়া মাছঘাট এলাকায় ভেসে ওঠা একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজ কিশোরের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।