প্রথম বিদেশ সফর কোথায়? প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশ বেছে নেবেন—তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতোমধ্যে সম্ভাব্য সফরসূচি নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওয়াকিবহাল কূটনীতিকদের মতে, প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। ঐতিহাসিক ও কৌশলগত বিবেচনায় এই সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ছিল ভুটান—যা দুই দেশের সম্পর্ককে বিশেষ মাত্রা দিয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
সূত্রগুলো বলছে, ভুটান সফরের পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কভুক্ত দেশগুলো সফরের বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনাও বহন করবে। আঞ্চলিক ভারসাম্য, অর্থনৈতিক অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক—সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি ঘোষণার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশ দিয়ে তার আন্তর্জাতিক কূটনৈতিক যাত্রা শুরু করেন, সেটিই এখন বড় প্রশ্ন।

