দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে শেষ কথা: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

জাতীয়
দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে শেষ কথা: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি কিংবা জোরজবরদস্তি নয়—আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণের শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী বলেন, “হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। জনগণের ভোটে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় বা সমতলে বসবাসকারী সবাই এই দেশের নাগরিক। প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

তিনি জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “দেশের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়—আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি।”