দাম বাড়ালে রেহাই নেই, রমজান ঘিরে নেত্রকোণায় প্রশাসনের তৎপরতা
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নেত্রকোণা শহরের বিভিন্ন বাজারে মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে শহরের যানজট নিরসনে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ফেব্রুয়ারী) পৌরসভার সামনে থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
এসময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, নেত্রকোণা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ দিদারুল আলম সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। ভেজাল পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়- দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে।
ভেজাল পণ্য বিক্রি ও মজুদদারির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
সেই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন এবং স্বস্তিতে চলাচল করতে পারেন।


