সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রভাব, স্বজনপ্রীতি বা দুর্নীতির আশ্রয় নেওয়া না হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হয়।
আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের উদ্যোগের বিষয়েও আলোচনা করেছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় শ্রমবাজার সম্প্রসারণের ধারাবাহিকতার কথা উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ বা সীমিত হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সরকার শিগগিরই ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।


