নুরের মন্ত্রিত্বে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের বিজয় মিছিল
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল করেছেন গণঅধিকার পরিষদ–এর নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে দল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দলীয় সূত্র জানায়, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নুরের মন্ত্রিত্ব পাওয়া গণমানুষের রাজনীতির বিজয়। তার নেতৃত্বে পটুয়াখালীসহ সারাদেশে কর্মসংস্থান ও সাধারণ মানুষের অধিকার আদায়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


