বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন। শপথ গ্রহণের পরদিনই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নতুন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই প্রধানমন্ত্রীর প্রথম অফিস ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। সচিবালয়ের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। প্রধানমন্ত্রীর কক্ষ প্রস্তুতের পাশাপাশি মন্ত্রিসভা বৈঠকের কক্ষও প্রস্তুত করা হচ্ছে। ভবনের বিভিন্ন তলায় সৌন্দর্যবর্ধনে গণপূর্ত বিভাগের কর্মীদের ফুলের টব আনতে দেখা গেছে।

সূত্র আরও জানায়, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে পৌঁছে তিনি প্রথমবারের মতো নির্ধারিত দপ্তরে অফিস করবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যা মূলত পরিচিতিমূলক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা।