আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনা হবে: ইসি আনোয়ারুল
ভোট পুনর্গণনার বিষয়ে আদালতের নির্দেশ এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে কবে শপথ হবে, সে বিষয়ে এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে অবগত নয় বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ১১ দলীয় জোটের প্রতিনিধিরা কিছু অভিযোগ তুলে ধরেছেন, যা বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত অভিযোগ থাকলে তারা হাইকোর্টে যেতে পারেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ফলাফল তড়িঘড়ি করে প্রকাশ করা হয়নি; নিয়ম মেনেই কাজ করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেও দাবি করেন তিনি।
একজন নির্বাচন কমিশনার হিসেবে একটি ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে তার আস্থা ছিল উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে।


