জনগণ যে সরকার বেছে নেবে, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

জাতীয়
জনগণ যে সরকার বেছে নেবে, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে বেছে নেবে, যুক্তরাষ্ট্র সে সরকারের সঙ্গেই কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সে সরকারের সঙ্গেই কাজ করবে।”

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি। ক্রিস্টেনসেন জানান, চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে অবহিত করতে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পক্ষ থেকে বিকল্প প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের সুযোগ রয়েছে, যা চীনা সিস্টেমের বিকল্প হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন দুই দেশের মধ্যে সুসম্পর্ক দেখতে চায়, যা আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে ক্রিস্টেনসেন বলেন, “বাণিজ্য কূটনীতি আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি।” অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে অগ্রগতি হয়েছে, নির্বাচিত সরকারের সঙ্গে তা আরও এগিয়ে নেওয়ার আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের। অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে জানিয়ে তিনি বলেন, নতুন সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে—এমন স্পষ্ট বার্তা বিনিয়োগকারীরা প্রত্যাশা করছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে এই বড় মানবিক বোঝা অনির্দিষ্টকাল বহন করতে পারবে না। আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে সম্প্রতি জাতিসংঘের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি বৈশ্বিক অর্থায়ন চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, যার উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে ব্যয় হবে বলেও জানান তিনি।