বাংলাদেশের নির্বাচন ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন: কমনওয়েলথ

জাতীয়
বাংলাদেশের নির্বাচন ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন: কমনওয়েলথ
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বব্যাপী ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারীসহ মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর অংশগ্রহণে এ নির্বাচন বৈশ্বিক প্রেক্ষাপটে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সব মিলিয়ে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডডো ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ভোটগ্রহণ শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ দল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নানা আকুফো-আডডো বলেন, “এত বড় পরিসরে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোট আয়োজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।” তিনি এ উদ্যোগকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই সারাদেশে নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের ধারাবাহিক অংশগ্রহণে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান নিয়ে পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

হবিগঞ্জ-৩ আসনের নতুন ভোটার, ১৯ বছর বয়সী যুধিষ্ঠির বিশ্বাসের অভিজ্ঞতাও বিবৃতিতে তুলে ধরা হয়। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এ শিক্ষার্থী বলেন, “এই মুহূর্তটি আমার কাছে গভীরভাবে অর্থবহ। প্রথমবার জাতীয় সিদ্ধান্তে আমার মতামতের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল।”

ভোটের দুই দিন আগে থেকেই দেশের আটটি বিভাগে অবস্থান নেয় ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল। তারা স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময়সহ নির্বাচনের পূর্বপ্রস্তুতিও পর্যবেক্ষণ করেন।

কমনওয়েলথ জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে।