মিরসরাইয়ে বিএনপির এক গণসংযোগে আরেক নেতার হামলা

দেশজুড়ে
মিরসরাইয়ে বিএনপির এক গণসংযোগে আরেক নেতার হামলা
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) সকালে করেরহাট বাজার এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগে এই হামলা হয়।

তিনি অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তার কর্মসূচিতে হামলা চালায়, হুমকি দেয় এবং গাড়িবহর ঘিরে কটূক্তি করে তাড়িয়ে দেয়। একই সময় দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে করেরহাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলছিল। হঠাৎ করে বহিষ্কৃতদের একদল এসে কর্মীদের উপর হামলা করে, গালিগালাজ করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, ওই ঘটনার নেতৃত্ব দেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু। পরিস্থিতি শান্ত রাখতে গণসংযোগ কর্মসূচি স্থগিত করা হয় বলেও জানান তিনি।

এ সময় চ্যানেল এস-এর মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন অভিযোগ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হন এবং তার পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াসিন মিজান বলেন,

“বুধবার আমাদের আগে থেকেই পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। শাহীদ ভাইয়ের কর্মসূচির কথা আগে জানলে হয়তো সময় পরিবর্তন করতাম। একই সময় দু’পক্ষের কর্মসূচি পড়ে যাওয়ায় কিছুটা ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডা হয়েছে, এর বেশি কিছু নয়।”

শাহীদ চৌধুরী দাবি করেন,

“দল থেকে বহিষ্কৃত কিছু নেতা এখনো দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”