বন্যার আশঙ্কায় নিজেদের বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি চরম উদ্বেগজনক আকার ধারণ করেছে। ভারী বর্ষণে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ ধ্বংসের আশঙ্কায় কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ওই বাঁধের একটি অংশ উড়িয়ে দিয়েছে।
ভারত থেকে প্রবাহিত অতিরিক্ত পানির কারণে চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি বিপদজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে পাঞ্জাব প্রদেশের বহু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে প্রায় দুই লাখ ১০ হাজার মানুষ নিজেদের নিরাপত্তার জন্য স্থানান্তরিত হয়েছেন।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানিয়েছেন, বাঁধের অবকাঠামো রক্ষার জন্য এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ করা হয়েছে, যা পানির চাপ কমাতে সাহায্য করবে।
এদিকে, ঐতিহাসিক কর্তারপুর মন্দির বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। মন্দিরে আটকে পড়া প্রায় ১০০ জনকে উদ্ধারে উদ্ধারকাজ শুরু হয়েছে।
পাকিস্তান সরকার জানিয়েছে, ভারতের তীর থেকে বাঁধগুলোর অতিরিক্ত পানি ছাড়ার কারণে বন্যার পরিমাণ বেড়েছে। তবে ভারত এই পানি ছাড়ার বিষয়ে পূর্বে কূটনৈতিক মাধ্যমে নোটিশ পাঠিয়েছিল বলে দাবি করেছে ইসলামাবাদ।
বর্তমানে পাঞ্জাবে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে বন্যার্তদের নিরাপত্তার জন্য। লাহোরসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বন্যার পানি পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। চলতি বর্ষার মৌসুমে পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৮০০-এর বেশি প্রাণহানি ঘটেছে।
স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল বন্যা মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।


