জম্মু-কাশ্মীরে ভূমিধস ও বন্যায় ৩০ জনের প্রাণহানি, তীর্থযাত্রা স্থগিত

জম্মু-কাশ্মীরে ভূমিধস ও বন্যায় ৩০ জনের প্রাণহানি, তীর্থযাত্রা স্থগিত
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণ ও আকস্মিক ভূমিধসের ফলে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তীর্থযাত্রীদের অন্যতম গন্তব্য বৈষ্ণদেবী মন্দিরের আশপাশের এলাকায় ভূমিধস দেখা দেওয়ায় তীর্থযাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মুর আধখোয়া এলাকায় ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের পাশেই এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে সিনিয়র পুলিশ সুপার পরমভির সিং বিষয়টি নিশ্চিত করেন।

জম্মুর পাশাপাশি ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিটিআই। অঞ্চলটিতে গত চারদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নদীগুলো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশিরভাগ সড়কপথ ডুবে গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভূমিধস ও বন্যার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, “আমরা ব্যাপক যোগাযোগ সমস্যার মধ্যেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

বিমানবন্দর বন্ধ থাকায় মন্ত্রীসভার কেউ ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তীর্থযাত্রীরা আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (NDRF ও SDRF) মোতায়েন করা হয়েছে।

দিল্লির হিন্দোন বিমানঘাঁটি থেকে C-130 ও IL-76 সামরিক বিমান পাঠানো হয়েছে জম্মুতে অতিরিক্ত উদ্ধার কর্মী ও সরঞ্জাম নিয়ে। এ ছাড়া জম্মু, উদমপুর, শ্রীনগর ও পাঠানকোটের সামরিক ঘাঁটিগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে, প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশেও বৃষ্টির প্রকোপ বেড়েছে। বিপাশা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় চণ্ডীগড়-মানালি মহাসড়কের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর রাজ্যের তিন জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত হিমাচলে মৃত্যু হয়েছে ৩১০ জনের, জানানো হয় সরকারি পরিসংখ্যানে।

এ পর্যন্ত প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।