পাকিস্তানে বাংলাদেশ সেনা কর্মকর্তার বৈঠক: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত
পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তান জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা কৌশল ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
পাক সেনাপ্রধান জেনারেল মির্জা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমান্বয়ে উন্নতির দিকে এগোচ্ছে। শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন নতুন সুযোগ খুঁজে বের করতে হবে।”
জেনারেল ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পাকিস্তান সামরিক বাহিনীর অবদান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।”
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যায়ে যোগাযোগ ও কূটনৈতিক বিনিময় কিছুটা বাড়ছে। বিশেষ করে প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প এবং নিরাপত্তা সহযোগিতার মতো খাতে আলোচনার পরিধি প্রসারিত হচ্ছে।


