প্রথমবারের মতো গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করলো আইপিসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি এখন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ কবলিত — এমনটাই জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা আইপিসি (Integrated Food Security Phase Classification – IPC)। তাদের সর্বশেষ বিশ্লেষণে অঞ্চলটিকে খাদ্য নিরাপত্তা সংকটের সর্বোচ্চ স্তর ফেজ-৫ (দুর্ভিক্ষ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইপিসির প্রতিবেদন অনুযায়ী, গাজা গভর্নরেটের আওতাধীন গাজা সিটি ও আশপাশের এলাকাগুলো বর্তমানে ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। আর্থ-সামাজিক কাঠামো ভেঙে পড়েছে, শিশু অপুষ্টি ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে।
আইপিসি সতর্ক করে বলেছে, যদি জরুরি সহায়তা না পৌঁছে, তবে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিস অঞ্চলও দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।
আইপিসি নিজে কখনো “দুর্ভিক্ষ” ঘোষণা করে না, তবে তাদের নির্ভরযোগ্য বিশ্লেষণের ভিত্তিতে জাতিসংঘ, সংশ্লিষ্ট সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের অবস্থা ঘোষণা করে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি অবরোধ ও টানা সামরিক অভিযানের কারণে গাজার খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু পরিবার এক বেলার বেশি খাবার পাচ্ছে না। শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসা ও বিশুদ্ধ পানির অভাবে দুর্ভিক্ষের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠছে।
গাজার পরিস্থিতিকে “মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ” বলে অভিহিত করেছে আইপিসি। সংস্থাটি বলেছে, “দ্রুত, টেকসই এবং বাধাহীন মানবিক সহায়তা না পৌঁছালে দুর্ভিক্ষের পরিসর বাড়বে এবং মৃত্যুর সংখ্যা বাড়বে।”


