বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করল ভারত

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করল ভারত
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১০ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তটি কার্যকর হলে প্রায় এক বছর ধরে স্থবির হয়ে পড়া দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা খাতে নতুন প্রাণ ফিরে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ভারতে প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভ্রমণ করতেন। কিন্তু গত বছর আগস্টে হঠাৎ করে ভিসা নীতিতে কঠোরতা আরোপের ফলে ওই সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। বিশেষ করে চিকিৎসা ও পর্যটনখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরের মতো শহরগুলোর হাসপাতাল ও হোটেল ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়ে। হোটেল মালিক, গাড়িচালক, হাসপাতালের সাপোর্ট স্টাফ, এমনকি দোকানিরাও কর্মসংকটে ভুগতে থাকেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী মহল। কলকাতার নিউমার্কেট এলাকার এক গার্মেন্টস দোকানি বলেন, “বাংলাদেশি পর্যটকরা আমাদের প্রধান ক্রেতা। তারা না এলে ব্যবসা চলে না। এখন আবার আশার আলো দেখছি।”

দিল্লি ও মুম্বাইয়ের বেশ কয়েকটি নামী হাসপাতাল জানিয়েছে, বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আগ্রহীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তবে ভিসা জটিলতা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন সে সমস্যার সমাধানে ভারতীয় সিদ্ধান্তকে তারা সময়োপযোগী মনে করছেন।

সীমান্ত অঞ্চলের হোটেল ও পরিবহন খাত সংশ্লিষ্টরা মনে করেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে একপক্ষের সিদ্ধান্ত অপর পক্ষের জনজীবনে সরাসরি প্রভাব ফেলে।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালের মুখপাত্র বলেন, “রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানবিকতা আগে। বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ায় শুধু আমরা নয়, রোগীরাও ভোগান্তিতে পড়েছিলেন।”

বিশ্লেষকরা বলছেন, চিকিৎসা ও ব্যবসার জন্য ভিসানীতিতে শিথিলতা আনা দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক। এই নীতিগত নমনীয়তা কেবল অর্থনৈতিক নয়, মানবিক সম্পর্কও আরও দৃঢ় করবে বলে তারা মনে করেন।