ভারত কোনো আপস করবে না: ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জবাবে কড়া বার্তা মোদির
ভারতের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কখনও আপস করবে না।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে ‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলন’-এ ভাষণকালে মোদি বলেন, “কৃষক, পশুপালক ও জেলেদের অধিকার রক্ষায় আমরা অটল থাকব। এটি ভারতের জন্য গর্বের বিষয় এবং এই নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না।”
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার জবাবে। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে।
নতুন আদেশ অনুযায়ী, সিদ্ধান্তটি কার্যকর হবে ২১ দিনের মধ্যে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ভারতের ‘অনৈতিক তেল আমদানি’ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে নির্লিপ্ত অবস্থান এই পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে।
ট্রাম্প এর আগেও ভারতকে শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তার দাবি ছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং সেখানে ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে হতাহতের বিষয়টি ভারত যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের কৃষিপণ্য রপ্তানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্যের বাজার উল্লেখযোগ্য এবং এই খাতে বড় আর্থিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “একতরফা, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছে। তারা জানায়, “১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আমরা আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনে থাকি। ভারতের জাতীয় স্বার্থে যা যা প্রয়োজন, সরকার তা-ই করবে।”


