ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেওয়ার দাবি পাকিস্তানের

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেওয়ার দাবি পাকিস্তানের
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫

জাতিসংঘে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তান জোরালোভাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে। একইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় ইসলামাবাদ। দুই দিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।

সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “ফিলিস্তিনে চলমান সহিংসতা, খাদ্য সহায়তা আটকে রাখা, হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা—সবই আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী। এই সম্মিলিত শাস্তি এখনই বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “গাজা আজ মানবিক ও আন্তর্জাতিক আইনের কবরস্থানে পরিণত হয়েছে। ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু—এটি কোনোভাবেই বৈধ হতে পারে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসহাক দার বলেন, “এটি একটি সাহসী পদক্ষেপ এবং আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি জানান, পাকিস্তান শুধু রাজনৈতিকভাবে নয়, বাস্তব সহযোগিতার ক্ষেত্রেও ফিলিস্তিনের পাশে থাকবে। জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবার ক্ষেত্রে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, “গাজার ধ্বংসযজ্ঞ আর সহ্য করার মতো নয়। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া কোনো টেকসই বিকল্প নেই।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেন, “যুদ্ধ থামানোই যথেষ্ট নয়, এর পর প্রয়োজন একটি রাজনৈতিক সমাধান। শুধুমাত্র দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের বৈধ আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।”