ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মো. ইব্রাহিম।
জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উল্লাসের মধ্যে ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি মুনির। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ফুটবলাররা। তবে র্যাংকিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে ভুটান বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে।
ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মো. ইব্রাহিম। পাঁচ মিনিটের মধ্যেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড থেকে আসা বল ভলিতে জালে পাঠান ইব্রাহিম। তার এই গোলই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের ব্যবধান গড়ে দেয়।
এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে মাঠে নামেন ফাহমিদুল। পরে অধিনায়ক জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলতে থাকা বিশ্বনাথ ঘোষকে তুলে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান কোচ থমাস ডুলি। এই পরিবর্তনেই আসে কাঙ্ক্ষিত গোল।
গোলের পর কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের শেষ ২০ মিনিটের জন্য ডিফেন্ডার রহমত মিয়াকেও মাঠে নামান কোচ। পিছিয়ে থেকেও ভুটান তেমন কোনো বিপজ্জনক আক্রমণ গড়ে তুলতে পারেনি। অন্যদিকে ব্যবধান বাড়ানোর মতো কার্যকর আক্রমণও খুব বেশি করতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচে বাংলাদেশের একাদশের অন্যতম আলোচিত বিষয় ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার হিসেবে খেলা। ইনজুরির কারণে আসিয়ান কাপের স্কোয়াডে না থাকা বিশ্বনাথকে সাফের আগে অনুশীলনে আক্রমণভাগে খেলিয়ে পরীক্ষা করেন কোচ ডুলি। ভুটানের বিপক্ষে ম্যাচেও তাকে সেই পজিশনে খেলানো হয়। তবে নতুন পজিশনে তার অস্বস্তি প্রথমার্ধে কিছুটা স্পষ্ট ছিল।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। বেশিরভাগ সময় ভুটানের অর্ধে খেলা হয়েছে। ডান প্রান্ত দিয়ে রাকিব একাধিকবার প্রতিপক্ষের বক্সে ঢুকে আক্রমণ তৈরি করেন। তার একটি ক্রসে বিশ্বনাথ হেড করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়। এ ছাড়া রাকিবের কয়েকটি শটও লক্ষ্যে পৌঁছায়নি।
অন্যদিকে ভুটান ম্যাচের অধিকাংশ সময় রক্ষণাত্মক কৌশলে খেলেছে। তবে ৩০ মিনিটের পর কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে দলটি। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন কয়েকবার দ্রুতগতিতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করেন। এর মধ্যে দূরপাল্লার একটি শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোল ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে দর্শকদের সামনে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।


