প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপন সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

জাতীয়
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপন সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
৩ নভেম্বর ২০২৬

প্রবীণ নাগরিকদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পৃথক ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ফেরদৌস আরা বেগম। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে প্রবীণ নাগরিকদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। দাবিগুলোর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা চালু বা সম্প্রসারণ, ৬৫ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জন্য মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড় এবং প্রবীণবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া প্রবীণদের জন্য সর্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালুর দাবিও জানান তারা।

প্রতিনিধিদলের উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিনসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরাও বৈঠকে অংশ নেন।