দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
দেশে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সম্ভাব্য রুট নির্ধারণ ও প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুট অন্যতম। তিনি জানান, এই রুটে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য অর্থায়নের উৎস এবং কারিগরি বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে এবং বিদ্যমান পদ্মা সেতুর ওপর চাপও কমবে।


