‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় চীনের সরকার ও জনগণ’
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে চীনের সরকার ও জনগণ।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির সাম্প্রতিক চীন সফর উপলক্ষে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত জানান, বিএনপির প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফর দেশটির জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তিনি বলেন, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোও সফরটিকে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপিকে চীন সফরের আমন্ত্রণ জানানোর জন্য চীনের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘লুক ইস্ট’ নীতির কথা স্মরণ করে বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেবেন।
দুই দেশের মধ্যে শিল্প, সাহিত্য, বাণিজ্য, অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কয়েকজন সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতারা।
চীনা প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের উপপ্রধান লিউ চ্যাংসহ অন্যান্য কর্মকর্তারা।


