জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও ভারত—উভয় দেশের প্রতিই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রধানমন্ত্রীর সময় মিলিয়ে সফরের দিনক্ষণ নির্ধারণের কাজ চলছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তে ‘পুশইন’ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ উপযুক্ত জবাব দেবে।
নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াং ই-এর আমন্ত্রণে এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে, যা সরকারের একটি অঙ্গীকার।
এদিকে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হচ্ছে, তবে এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


