স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি)-এর সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর তা সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। তাই পুরো নির্বাচন প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, নির্বাচন শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
উপজেলা পরিষদ নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা পরিষদ বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। সংসদ সদস্যদের উপজেলা পরিষদে অফিস বরাদ্দ দেওয়া হলেও এতে উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব হচ্ছে না বলে মনে করেন তিনি।
তিনি উল্লেখ করেন, বিদ্যমান আইন অনুযায়ী সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। এ প্রেক্ষাপটে উপজেলা পরিষদে তাদের জন্য অফিস থাকা অস্বাভাবিক নয়। তবে এ ব্যবস্থাটি থাকা উচিত কি না—সে বিষয়ে ভিন্নমত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের পক্ষ থেকে উপজেলা ব্যবস্থাকে দুর্বল করা বা অকার্যকর করার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন এই উপদেষ্টা।


