৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। তিনি দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর পলিটিক্যাল ব্যুরোর সদস্যও।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমানের প্রথম চীন সফর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ২০ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করে।

ধারাবাহিক এই কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।